আবনা ডেস্ক : এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে আটটি সাধারণ বোর্ডে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসা বোর্ডের ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কেউ।
তবে কারিগরি শিক্ষাবোর্ডে অনুত্তীর্ণ কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।
বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
গত বছর ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডে ৯টি ও মাদরাসা বোর্ডে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান ছিল।
তবে গত বছরের তুলনায় এবার অনুত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ল আরও ছয়টি।
এবার ঢাকা, কুমিল্লা ও যশোর বোর্ডে ৩টি করে, রাজশাহী, বরিশাল ও দিনাজপুর বোর্ডে ২টি করে এবং সিলেট বোর্ডের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
কোনো শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান এবার চট্টগ্রাম বোর্ডে নেই।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।